প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১১:৫৩ এএম
আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের এ ঘোষণা দেন তিনি।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুকে হান্নান লিখেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না।’
তিনি আরও লিখেন, ‘জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে—তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’
এদিকে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষ অংশ নেবেন।
এ ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হবে। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচার এবং শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও থাকবে।