প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২১:৪৬ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংসদে বেশির ভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী, সেখানে শ্রমিকদের কেউ নেই। তাহলে সেখানে শ্রমিকের পক্ষ হয়ে কথা বলবে কে। যিনি সংসদ সদস্য থাকেন, তিনি বড় ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষ হয়ে কথা বলেন। তাই জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দলটির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি, চেয়ারের বদল হলেও শ্রমিকের মজুরি বাড়েনি। শ্রমিকের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার পুরোনো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে একটি দল। পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হলেও শ্রমিকদের জন্য সংস্কারের কোনো বিষয় নিয়ে কোনো দল আলোচনাই তোলে নি। অথচ গণ-অভ্যুত্থানে শহীদ হওয়াদের বড় একটি অংশই শ্রমিক।
এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, যেসব রাজনৈতিক দল শুধু শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন নয়; বরং সংসদে শ্রমিকদের প্রতিনিধি হয়ে কথা বলে সে রকম ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা আশা করি, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের প্রত্যাশিত সে প্রতিনিধি তৈরি করতে পারবে।
এনসিপির শ্রমিক উইংয়ে এদিন ৯২ জন শ্রমিক যোগদান করেন। এসব শ্রমিকদের নিয়ে পরবর্তী সময়ে শ্রমিক উইংয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আলেয়া খাতুন। এতে আরও অংশ নেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আল আমিন, সজীব ওয়াফি, আবদুল বারেক, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।