প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৯:৫০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের জাতীয় সমাবেশে ব্ক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে শনিবার (২ আগস্ট)।
গত বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া জুম’আ বার বরকতময় দিনে মসজিদগুলোতে গিয়ে আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করার কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমানের পূর্ণ সুস্থতা কামনা করে ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান- আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।