× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়ী দলগুলোর চাপান-উতোর

বেপরোয়া চাঁদাবাজিতে অস্থির সারা দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ০৮:৪২ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৫ ২০:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেপরোয়া চাঁদাবাজিতে অস্থির হয়ে উঠেছে পুরো দেশ। এ থেকে মানুষ নিস্তার চায়। সরকারি বা প্রশাসনিক মদদ কিংবা রাজনৈতিক সংঘশক্তির ছত্রছায়া ছাড়া চাঁদাবাজি সম্ভব নয়। আওয়ামী শাসনামলে শাসক দল, সরকার ও প্রশাসনের মিলিত মদদে ক্ষমতাসীনদের অনুগ্রহভাজনেরা চাঁদাবাজি চালিয়েছে। এখন সরকারি ও প্রশাসনিক মদদ ক্ষীণ হয়ে এলেও রাজনৈতিক ছত্রছায়াকে ব্যবহার করে দুর্বার গতিতে প্রায় সবখানে চলছে চাঁদাবাজি। রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে এ ওর ওপর দোষ চাপিয়ে চাপান-উতোর করলেও এই অপরাধের জন্য প্রায় সকল দলই কমবেশি দায়ী।

প্রথমেই আসে বর্তমানের সবচে বড় দল বিএনপির কথা। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। আওয়ামী লীগ যা করেছে জনগণ বিএনপির নেতাকর্মীদের থেকে তা প্রত্যাশা করে না। কিন্তু গুটিকয়েক সুবিধাবাদী বিপথগামীর দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ বিএনপির ঘাড়ে জোরালোভাবে চেপে ধরেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির একশ্রেণির নেতাকর্মী চাঁদা দাবি ও দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এসব অপকর্মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কোনোকিছুতেই থামানো যাচ্ছে না দলের একশ্রেণির বেপরোয়া নেতাকর্মীকে। বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি ও সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর অপকর্ম অব্যাহত রয়েছে। এসব কারণে সারা দেশে সমালোচনা, জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচণ্ড চাপে পড়েছে বিএনপি।

২০২৫ সালের ৩০ জানুয়ারি বিএনপির নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন দলের একাংশের নেতারা। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ অভিযোগ করেন। তবে জেলা বিএনপি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে।

২৩ ফেব্রুয়ারি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল নেতাকর্মীর উদ্দেশে ফেসবুকে লিখেছেন, ‘আপনি দীর্ঘদিন গণতন্ত্র ও দেশমুক্তির লড়াই করেছেন। কিন্তু এটা আপনাকে কখনোই দখলদারত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নৈরাজ্যের বৈধতা দেয় না।’ দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতার দাবি জানিয়ে তিনি বিএনপিকে যারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অপরাধ করতে চায়, তাদের বিষয়ে সোচ্চার হওয়ার কথা বলেন।

২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভায় তৃণমূলের নেতারা চাঁদাবাজি, দখল ও ক্ষমতার দাপটের মতো অপকর্মের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপিকে আগামী ভোটে চাঁদাবাজি প্রশ্নে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাদের অনেকেই। তারা নির্দিষ্ট করে বলেছেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের একাংশ এবং বিএনপি নামধারীদের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

২৯ জুন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে।’

১৫ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘নিজেদের চাঁদাবাজি আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে একটি নয়া দল। স্বাধীনতা বিরোধী ও বাংলাদেশকে আফগানিস্তান বানাতে আগ্রহী আরও দুটি দল নতুন দলটিকে সঙ্গে নিয়ে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা সংঘাত সৃষ্টির উস্কানি দিচ্ছে।’

নয়া দল বলতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিকে বুঝিয়েছেন। আর স্বাধীনতা বিরোধী বলতে জামায়াতে ইসলামীকে বুঝিয়েছেন। চাঁদাবাজির অভিযোগকে নির্বাচনের সময় বিএনপির বিরুদ্ধে মাঠে যাতে কাজে লাগানো যায়, তার পরিকল্পনা নিয়ে এনসিপি আর জামায়াত যে তৎপর তা বিএনপির অনেকেই মনে করেন।

তারা বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এনসিপি ভাবছে তারাই হবে বিকল্প আওয়ামী লীগ। আগামী নির্বাচনে বিএনপিকে আটকাতে চাঁদাবাজি ইস্যুতে এনসিপি আর জামায়াত একযোগে বিরামহীন বক্তব্য দিচ্ছে।

২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন ‘আল্লাহ চাঁদাবাজিকে হারাম করেছেন। ভিক্ষা করা হালাল। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করুন।’

এর আগের দিনে তিনি বলেন, ‘কারও ভাত কিংবা টাকার অভাব হলে আমাদেরকে বলবেন। তবুও চাঁদাবাজি করবেন না।’ এর আগের কয়েকদিনেও জামায়াত নেতাদের বক্তৃতায় বারবার ঘুরেফিরে এসেছে চাঁদাবাজি। তাদের ভাষ্য, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, এখন করছে বিএনপি।

তবে সংখ্যায় কম হলেও জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি, দখলের অভিযোগ উঠেছে। ৭ ফেব্রুয়ারি বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশিদ তাফসির মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন।

মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১৫ ফেব্রুয়ারি জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখার সাবেক সহকারী সেক্রেটারি জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়।

নদী ও খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ইটভাটা, পাহাড় কাটাসহ নানা খাতে চাঁদাবাজি চলছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। চাঁদাবাজ, সন্ত্রাসীদের দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণ ছাড়ার পর এ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জামায়াতের ত্যাগী বলে পরিচিত কর্মীরা। প্রতিটি ইউনিয়নে চলছে তাদের দাপট। সাংগঠনিকভাবে পদে না থাকলেও তাদের পরিচয় দলের কর্মী। তারা নিজেদের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেন। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব। তবে জামায়াতে ইসলামীর দাবি, তারা তাদের কর্মীদের কোনো অপরাধকেই প্রশ্রয় দেন না।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপিকে বিতর্কিত করতেই একটি দলের ইন্ধনে আমাদের দলের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির গুজব ছড়ানো হচ্ছে। অথচ ওই দলটিই অনেক ব্যাংক দখল করেছে, কোচিং সেন্টার দখল করেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে। এসব নিয়ে তাদের উচ্চবাচ্য নেই। এতেই বোঝা যায়, এরা কী চায়। বিএনপির মধ্যে অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ওই দলটি যেমন ছদ্মবেশ ধরে ঘাপটি মেরে থাকে, তেমনি অপকর্মও করে ছদ্মবেশে।’

ছাত্র-তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ডিসেম্বরে সরকারের উপদেষ্টা পদে থাকার সময়ে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘হাতবদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আগে এক পক্ষ করত, এখন আরেক পক্ষ করছে।’

অভিযোগের জবাবে বিএনপি নেতারাও পাল্টা বক্তব্য ও জবাবও দিচ্ছেন। তাদের বক্তব্য, ‘নির্বাচন ঠেকাতে বিএনপির নামে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নাম জুড়তে চাইছে প্রতিদ্বন্দ্বীরা। জামায়াত ও ছাত্রনেতারা প্রমাণ করতে চাইছেন, যা আওয়ামী লীগ, তা-ই বিএনপি।’

২০২৪ সালের ২৮ আগস্ট দুপুরে দুর্নীতি দমন কমিশন-দুদক থেকে বের হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে এবং তাদের স্বাক্ষর নকল করে মামলাও করা হচ্ছে উল্লেখ করে এগুলোর সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। অথচ এনসিপি গঠনের পরপরই নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও দলটির অর্থের উৎস নিয়ে নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগকে যারা অর্থ দিয়ে প্রকাশ্য সহযোগিতা করেছেন তাদের কেউ কেউ এনসিপির ডোনার হিসেবে টাকা ঢালছেন- এমন অভিযোগও প্রকাশ্য বহুবার এসেছে। এসব অভিযোগ নিয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে কেউ যদি চাঁদাবাজির ঘটনায় জড়িত হন এবং সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। কারণ আমাদের ঐকান্তিক চাওয়া হচ্ছে, বাংলাদেশের রাজনীতি যেন পূর্বের মতো চাঁদাবাজি বা টেন্ডারবাজি ঘিরে আবর্তিত না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আকার-ইঙ্গিতে এসব অভিযোগ যে দলের জন্য চূড়ান্ত ক্ষতিকর তা প্রকাশ্যে বলেছেন। তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘দল দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হতে পারে না। চাঁদাবাজ ও উচ্ছৃঙ্খল নেতাদের কোনো ছাড় নেই। প্রয়োজনে প্রকাশ্যে বহিষ্কার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।’


১১ জুলাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘যুবদল-স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কোনো সহযোগী সংগঠনের কেউ সন্ত্রাস ও চাঁদাবাজিসহ কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকলে তাদের বিএনপি করার কোনো অধিকার নেই।’

চাঁদাবাজির বিরুদ্ধে এতসব কথা ও হুঁশিয়ারি সত্ত্বেও মজার বিষয় হলো, অপরাধ রোধে যাদের প্রধান দায়িত্ব সেই আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নির্বিকার। আবার আইনের কঠোর প্রয়োগের কথা না বলে ১৪ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও জুলাইযোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম 'জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ কাজে স্থানীয় লোকজনকে প্রশাসনও সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি।

সম্পাদক বাসদের সহকারী সাধারণ রাজেকুজ্জামান রতন অভিযোগ করেছেন, ‘গুলিস্তান এলাকা থেকে দৈনিক গড়ে কমপক্ষে ১৫ কোটি টাকা জোর করে আদায় করা হয়। সেই হিসাবে মাসে ৪৫০ কোটি টাকা এবং বছরে প্রায় ৬০০০ কোটি টাকার মতো আদায় হয়।’

অন্তর্বর্তী সরকার কেন চাঁদাবাজদের প্রতি কঠোর হচ্ছে না- এ প্রশ্নও রয়েছে বিএনপি নেতাদের। জামায়াত এবং এনসিপি নেতাকর্মীরা নানা অপকর্ম করলেও, তা প্রচার হচ্ছে না বলে অভিযোগ তাদের।

১২ জুলাই এক কর্মসূচিতে তারেক রহমান সরকারের ভূমিকা নিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন, ‘দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আমরা বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?’

এ কথা জোরালোভাবে বলা চলে, বাংলাদেশে সহিংসতা ও চাঁদাবাজির কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে। রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি, সংঘর্ষে একের পর এক প্রাণহানিও ঘটছে। তা রোধে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশ্য অনেক দেরিতে হলেও গত ১৫ জুলাই থেকে চাঁদাবাজির লাগাম টানতে শুরু হয়েছে ‘সাঁড়াশি অভিযান’। এ অভিযান কতটা নিরপেক্ষভাবে পরিচালিত এবং কতটা সফল হবে সেটাই আসল প্রশ্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা