প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২০:৫৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিনের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ফোন করে আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমীরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন। এ জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জামায়াত আমির। এরপর গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে এনজিওগ্রাম করা হয়। সেখানে পরীক্ষার পর ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামায়াত আমিরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিল মেডিকেল বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। দেশেই সার্জারি করার কথা চিকিৎসকদের জানিয়েছেন তিনি।