× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরঘাটে যাত্রীদের ভিড়, লঞ্চ চলাচল শুরু

জবি সংবাদদাতা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ২০:২১ পিএম

শনিবার রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ডেকে যাত্রীদের ভিড়। ছবি: প্রবা

শনিবার রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ডেকে যাত্রীদের ভিড়। ছবি: প্রবা

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে প্রায় বন্ধ হয়ে যাওয়া লঞ্চ চলাচল পুনরায় সচল হয়েছে। যাত্রীরাও ভিড় করছেন রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাটে। রাত থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল ও পন্টুন ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভিড় করেছেন সদরঘাটে। ঘাটেও ভেড়ানো হয়েছে প্রায় ২০টি লঞ্চ। তিনদিন লঞ্চ চলাচল প্রায় বন্ধ থাকায় এদিন যাত্রীদের ভিড় বেড়েছে। ঘাটে যাত্রী ফেরায় টিকিট বিক্রিতে ব্যস্ত লঞ্চের স্টাফরা।

ঘাট সূত্রে জানা যায়, ঢাকা-ইলিশা রুটে শনিবার কমপক্ষে চারটি লঞ্চ চলবে। ইতোমধ্যে কয়েকটি লঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী উঠে পড়েছেন। ঢাকা বরিশাল রুটেও চলবে তিনটির বেশি লঞ্চ। তিনদিন বন্ধ থাকার পর ঢাকা-বরগুনা রুটেও চালু হয়েছে লঞ্চ চলাচল।

সদরঘাটের নৌ পরিবহন দপ্তর থেকে জানা যায়, শনিবার সকালে বরিশাল ও ভোলা থেকে একটি করে লঞ্চ আসলেও যাত্রী বাড়ায় আজ বেশ কয়েকটি লঞ্চ এসব রুটে ঢাকা থেকে ছেড়ে যাবে। বরগুনা রুটেও দুইয়ের অধিক লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যেতে পারে। ঢাকা-চাঁদপুর রুটে বিকেলেই বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।

ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, সাধারণত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭০-৭৭টি লঞ্চ ছেড়ে যায়। সমানসংখ্যক লঞ্চ আসে। গত তিন দিনে মাত্র ছয়-সাতটি করে লঞ্চ ছেড়ে গেছে। আজ যাত্রী হওয়ায় ৩০-৩৫টি লঞ্চ ছেড়ে যেতে পারে।

এম.ভি টিপু-১৩ এর টিকেট বিক্রেতা রেজাউল করিম বলেন, ‘গতকাল মাত্র ৫০ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছিলাম। এই রুটে একটি লঞ্চই এসেছিল। আজ যাত্রী আগের থেকে বেশি। ধারণ ক্ষমতার ৮০-৯০ শতাংশ যাত্রী আজ হতে পারে। আমাদের রুটে আজ চারটি লঞ্চ চলতে পারে।’

সুন্দরবন-১২ এর টিকিট বিক্রেতা জাহিদুল আলম বলেন, ‘বরিশাল থেলে যাত্রীর চাপ অনেক কম ছিল। আজ যাত্রী বেশি দেখা যাচ্ছে। গতকাল এই রুটে একটা লঞ্চ ছেড়ে গেলেও আজ অনেকগুলো লঞ্চ ছেড়ে যেতে পারে।’

এদিকে পুনরায় লঞ্চ চলাচল সচল হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। গত কয়েকদিন রাজনৈতিক পরিস্থিতির কারণে আশঙ্কা থেকে যাতায়াত না করলেও এখন লঞ্চ চলাচল সচল হওয়ায় খুশি যাত্রীরা।

বরিশালগামী যাত্রী মাহমুদুল হাসান বলেন, ‘গত দুইদিন লঞ্চ বন্ধ ছিল। ভয়ও ছিল, সেজন্য বাড়িতে যেতে পারিনি৷ আজ লঞ্চ চালু হয়েছে, তাই বাড়িতে যাচ্ছি।’

বরগুনাগামী যাত্রী রোকেয়া বেগম বলেন, ‘বাড়িতে আমার বাবা অসুস্থ। লঞ্চ বন্ধ থাকায় যেতে পারছিলাম না। আজ লঞ্চ চালু হয়েছে শুনে ঘাটে এসেছি।’

অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিকেল থেকেই যাত্রীরা ঘাটে আসছে। বিগত কয়েকদিন লঞ্চ চলাচল স্বাভাবিক না থাকায় আজ যাত্রী বেশি। বিএনপির সমাবেশ শেষেও অনেকে লঞ্চে বাড়ি যাচ্ছে। লঞ্চ চলাচল আবার আগের মতো স্বাভাবিক হবে বলে আশা করছি।’

বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, ‘বিগত কয়েকদিন যাত্রী না থাকায় লঞ্চ চলাচল কম ছিল। আজ যাত্রী বেড়েছে, ঢাকা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হচ্ছে। আজ অনেকগুলো লঞ্চ ছেড়ে যাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা