প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ২০:৫৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫ ২০:৫৪ পিএম
ছবি ফোকাস বাংলা
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের সরকার।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’
অন্যদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শোকবার্তায় বলেছেন, ‘ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামানা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য আমার গভীর সমবেদনা।’