প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৮:৪৮ পিএম
রাঙামাটিতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচির এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিববাদী সংবিধান বাতিল করে একটি নতুন, অংশগ্রহণমূলক সংবিধান প্রণয়নের জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সংবিধান দেশের সব জনগোষ্ঠীকে সঠিকভাবে প্রতিনিধিত্ব দিতে ব্যর্থ হয়েছে। পার্বত্য চট্টগ্রামের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাও এই সংবিধানের প্রতিবাদ করেছিলেন। নাহিদের দাবি, নতুন বাংলাদেশের জন্য এমন একটি সংবিধান দরকার যেখানে মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরাসহ সব জাতিগোষ্ঠীর অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলা বিভাজন এবং অশান্তি কিছু স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত কার্যক্রমের ফল। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি সেই অপচেষ্টা প্রতিহত করতে দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জনগোষ্ঠীর কাছে গিয়ে সচেতনতা সৃষ্টি করছে।
সমাবেশে আরও বক্তব্য দেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা এবং সামান্তা শারিমন। সারজিস আলম বলেন, দুর্নীতিপরায়ণ আমলা ও কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামে বদলি করে শাস্তি দেওয়ার যে সংস্কৃতি চালু রয়েছে, তা আসলে অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, পাহাড় ও সমতল—সব জায়গায় বসবাসরত জনগণকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
ডা. তাসনিম জারা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। সেখানে কোনো সম্প্রদায়কে বাদ দেওয়া যাবে না।
সামান্তা শারিমন বলেন, তারা এমন একটি সমাজ গড়তে চান যেখানে ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদ থাকবে না এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এটি তাদের আন্দোলনের মূল লক্ষ্য।