প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৫:২৭ পিএম
সৎ, নৈতিক, পেশাগতভাবে দক্ষ এবং রাজনৈতিক পক্ষপাতহীন কর্মকর্তারাই উচ্চপদে পদোন্নতির প্রকৃত দাবিদার—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত যোগ্যতা, বিশ্বস্ততা এবং দায়িত্ব পালনে নিযুক্তিগত সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।
রোববার (২০ জুলাই) অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি নির্বাচন পর্ষদের সদস্যদের এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সঙ্গে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রেও সেনাবাহিনী যথেষ্ট অবদান রেখে চলেছে। সেনাবাহিনীর এই নিষ্ঠা ও ত্যাগের জন্য ড. ইউনূস সেনাপ্রধান থেকে শুরু করে সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আগমনের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। পরে ড. ইউনূস সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্যও লিপিবদ্ধ করেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের। বিশেষভাবে সশস্ত্র বাহিনীর শহীদ সেনা সদস্যদের এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও নিহত সদস্যদের স্মরণ করেন। সেই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতার প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
এই নির্বাচনী পর্ষদের প্রথম পর্যায়ে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনা হবে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।