প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৪:৩২ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় এক নারীর বাড়িতে অভিযান চালিয়ে র্যাব এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে আটক হন মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারী, যিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের বারান্দায় খাটের নিচে লুকানো ব্যাগ থেকে ১০টি বিশেষভাবে মোড়ানো প্যাকেটে এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
চট্টগ্রাম র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, মনোয়ারা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। আটককৃত নারীকে এবং জব্দ করা ইয়াবা আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।