প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২২:০০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫ ২২:০০ পিএম
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। এএএম হুমায়ুন কবীর বলেন, ‘আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোয় এই কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো এরই মধ্যে আমরা শুরু করেছি। এজন্য আমাদের প্রস্তুতি আছে। আমাদের জনবল ও প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করতে হবে। এ ছাড়া আমাদের প্রয়োজনীয় জনবল নির্ধারণ করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো এখন আমরা পর্যায়ক্রমে শুরু করছি।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেখানে এ কাজ শুরুর সম্মতি মিলেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি জানান, এ পর্যন্ত নয়টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন। তাদের ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হয়েছেন।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসে জাপানে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।