প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১৮:০৮ পিএম
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ, এর দায় সবার ওপর পড়বে। তাই ব্যর্থতার কোনও সুযোগ নেই। সবার সহযোগিতায় আমাদের সফল হতেই হবে। এই সাফল্যের মাপকাঠি হচ্ছে একটা কাঠামোগত সংস্কারে আমরা কতটুকু একমত হতে পারছি তার ওপর।’
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজকের সংলাপে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সাংবিধানিক সংস্কার এবং সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে আলোচনার কথা রয়েছে।
এক বছর আগের পরিস্থিতির কথা স্মরণ করার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা আজ এখানে একত্র হতে পেরেছি, কারণ বাংলাদেশের জনগণ, আপনারা সকলে, আপনাদের কর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন। সেই সময়, সেই স্মৃতি এবং সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তবে আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছি।’
সংলাপের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের সীমাবদ্ধতার কারণে সংলাপে কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো হয়নি। তবে এ সপ্তাহের পর সময়ের সংকট আরও তীব্র হবে এবং আমাদের খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি বলেন, ‘যতটা সম্ভব সম্মিলিত ঐকমত্যের ভিত্তিতে আমাদের একসঙ্গে একটি জাতীয় সনদ প্রণয়নের দিকে এগিয়ে যেতে হবে। সে জন্য আমাদের সবাইকে হয়তো নিজ নিজ অবস্থান থেকে কিছুটা সরে আসতে হতে পারে। যাতে আমরা জুলাইয়ের শেষে একটি জাতীয় সনদ চূড়ান্ত করতে পারি।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এই অধিবেশনে কমিশনের সদস্যদের মধ্যে সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।