× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আসন ও উচ্চকক্ষ বিষয়ে ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ২২:২৯ পিএম

নারী আসন ও উচ্চকক্ষ বিষয়ে ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনায় হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

সোমবার (১৪ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিন শেষে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এ দুটি বিষয়ে আগেও একাধিকবার আলোচনা হয়েছে। কিছু প্রাথমিক সমর্থন মিললেও পদ্ধতিগত মতানৈক্যের কারণে ঐকমত্য গড়ে ওঠেনি।

সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়ে কমিশনের প্রাথমিক প্রস্তাবে বলা হয়েছিল, বর্তমানে সংবিধানের ৬৫ অনুচ্ছেদে থাকা ৫০টি সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ১০০ করা যেতে পারে। এই প্রস্তাব অনেক রাজনৈতিক দলের কাছ থেকে সমর্থন পেলেও প্রার্থী মনোনয়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে। প্রথম প্রস্তাবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়। অন্য প্রস্তাবে বলা হয়, বর্তমান সংখ্যানুপাতিক ব্যবস্থাকে প্রসারিত করে ১০০ আসন করা যেতে পারে। এই মতানৈক্যের পরিপ্রেক্ষিতে কমিশন বিকল্প একটি প্রস্তাব তুলে ধরে- যেসব দল ২৫টির বেশি আসনে প্রার্থী দেয়, তাদের মধ্যে কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকবে। তবে এই প্রস্তাবও ঐকমত্য অর্জনে সফল হয়নি।

দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল- দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং উচ্চকক্ষ সৃষ্টি। কমিশনের সুপারিশে ৪০০ আসনের নিম্নকক্ষ এবং ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব ছিল। এর পক্ষে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ, প্রায় দুই-তৃতীয়াংশই আগে সমর্থন জানিয়েছিল। উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে। একটি পক্ষ বলছে, সংসদে দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। অপর পক্ষের প্রস্তাব, জাতীয় ভোটের শতাংশ অনুযায়ী প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন প্রয়োগ করা হোকÑ যেটি কমিশনেরও মত। তবে এখানেও চূড়ান্ত ঐকমত্য তৈরি হয়নি।

আলী রীয়াজ বলেন, আমরা চাইছি আলোচনা অব্যাহত থাকুক, যেন আমরা একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পৌঁছাতে পারি। এই দুই বিষয়ে আলোচনা আগামীকালও চলবে। তিনি বলেন, আগামীকাল (আজ) তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। কারণ, নারী প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ বিষয়ক আলোচনা এখনও শেষ হয়নি। তবে কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে লিখিত প্রস্তাব দিয়েছে এবং সেগুলো নিয়ে বুধবার বা বৃহস্পতিবার কমিশন আলাদা করে বৈঠকে বসবে। 

আলী রীয়াজ বলেন, আমাদের এখনও বিশ্বাস আছে, জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে, যাতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে। আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই সংলাপ সফলভাবে সম্পন্ন হবে এবং একটি গ্রহণযোগ্য জাতীয় কাঠামো গড়ে উঠবে।

উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অস্বাভাবিক : সালাহউদ্দিন আহমদ

৬৪ প্রশাসনিক জেলা ও ১২ সিটি করপোরশনের সমন্বয়ে জনগণের সরাসরি ভোটে উচ্চকক্ষ গঠনের যে প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাকে অস্বাভাবিক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংলাপের ১৩তম দিন শেষে তিনি বলেন, আমরা আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবে ইতোমধ্যে আপার হাউস গঠনের প্রস্তাব দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। সেই উদ্দেশ্যে প্রতিনিধিত্বমূলক একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছিলাম। তিনি জানান, উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মোটামুটি ঐকমত্য আছে, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একমত হওয়া যায়নি।

উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অপ্রয়োজনীয় : জামায়াত

৬৪ প্রশাসনিক জেলা ও ১২ সিটি করপোরশনের সমন্বয়ে জনগণের সরাসরি ভোটে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই প্রস্তাব আলোচনার কোনো যোগ্যতাই রাখে না। এটি অপ্রয়োজনীয়। এটা আলোচনা হয়নি। আমি শুরু থেকে প্রস্তাবটির বিরোধিতা করেছি। কারণ নতুন প্রস্তাব বিভ্রান্তিমূলক এবং মূল আলোচনাকে ব্যাহত করতে পারে।

উচ্চকক্ষকে দুর্বল করার প্রবণতা দেখা যাচ্ছে : এনসিপি

কয়েকটি দলের প্রস্তাবে প্রস্তাবিত উচ্চকক্ষকে দুর্বল করে তোলার প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, কিছু প্রস্তাবে উচ্চকক্ষকে দুর্বল করে তোলার প্রবণতা আছে। নিম্নকক্ষের রেপ্লিকা হলে উচ্চকক্ষ কোনো আলাদা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারবে না। আমরা চাই এমন একটি উচ্চকক্ষ যেখানে এমনকি এক শতাংশ ভোট পাওয়া দলও প্রতিনিধিত্ব করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা