প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১৩:১৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫ ১৩:১৮ পিএম
বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতারা এখন দেশজুড়ে সভা-সমাবেশের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন। এই ধারাবাহিকতায় দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন।সাম্প্রতিক এক সমাবেশে, যা অনুষ্ঠিত হয় নীলফামারীতে, তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শোনেন। সেদিন সন্ধ্যায়, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট করেন, যেখানে সেই অভিজ্ঞতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।
তিনি লেখেন—তার বিশ্বাস, বাংলাদেশের ভবিষ্যতের মূল ভিত্তি আমাদের তরুণ প্রজন্ম। তারা কেবল ভবিষ্যৎ নয়, বরং আত্মত্যাগের মাধ্যমে এই দেশকে নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে। এ কারণে তরুণদের স্বপ্ন যেন হারিয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের সবার। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্বাস্থ্য ও শিক্ষায় আরও বিনিয়োগ জরুরি বলে মনে করেন তিনি।
তিনি জানান, নীলফামারীর পথে পথে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। জানতে চান, তাদের জীবনে কী সমস্যাগুলো সবচেয়ে বড়, আর কোন সমাধান তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্ত তুলে ধরেন জারা। তিনি লেখেন, একটি অটোরিকশায় পরীক্ষার পর বাড়ি ফেরা ছয়জন মেয়ের সঙ্গে দেখা হয় তার। তারা বিভিন্ন স্বপ্ন দেখছে—কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়।এই তরুণীদের উদ্দেশে তিনি একটি উপদেশ দেন—“যদি কেউ তোমার স্বপ্ন শুনে বলে, তুমি পারবে না, তখন সেটাকেই প্রমাণ করে দেখাও।”তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই মেয়েরা অনেক দূর যাবে এবং বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যা আমরা কেবল কল্পনায় দেখেছি।
পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা বলেন, এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় মানুষের সঙ্গে হাঁটছেন, কথা বলছেন। কারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া প্রকৃত রাজনীতি হয় না। ভবিষ্যতে যখন তারা নীতিমালা বা নির্বাচনী ইশতেহার তৈরি করবেন, তখন যেন এই মানুষগুলোর কণ্ঠ প্রতিফলিত হয়—এই দায়বদ্ধতা থেকেই তাদের পথচলা।