প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ০৯:১৪ এএম
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ জুলাই) সকাল ৭টা পর্যন্ত এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, আজও দিনের কিছু সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সময়ের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাতাসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে ছেঁড়া-ছেঁড়া বৃষ্টি হতে পারে। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা কম, তবুও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।
এদিকে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।