প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫ ২২:৩৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ১১:০১ এএম
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ফেসবুক পোস্টে আপত্তি জানান তারা।
ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল।
গতকাল বুধবার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে আপত্তি জানিয়ে আজ ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে এনসিপির সদস্যসচিব আখতার তার ফেসবুকে লিখেছেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’
আর ‘বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে’— এমন অভিযোগ তুলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।’
গতকাল ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা ছাড়াও ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল এ দিনটিতে। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ; যিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রতিবছর যথাযথভাবে এই তিন দিবস প্রতিপালন করতে বলা হয়।