× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনটি যেন কেবলই একটি তারিখ

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ১০:৪৪ এএম

দিনটি যেন কেবলই একটি তারিখ

১৫ জুন, বিশ্ব বাবা দিবস। এ দিনটি বাবা নামের এক নিঃস্বার্থ সম্পর্ককে স্মরণ, ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর কথা। কিন্তু সমাজের আলো-আড়ালে কিছু ‘বাবা’ রয়েছেন, যাদের জীবনে এই দিনটির কোনো আনন্দ নেই। ৮০ বছর বয়সি রফিকুল ইসলাম তেমনই একজন বাবা, যিনি দীর্ঘ জীবন পরিবার গঠনে উৎসর্গ করেছেন। অথচ আজ তিন বছর ধরে সন্তানদের মুখ দেখেন না তিনি। বগুড়ার এক প্রবীণ নিবাসে কাটছে তার নিঃসঙ্গ জীবন। আজকের দিনটি তার যেন এক নিঃসঙ্গ দীর্ঘশ্বাসের নাম। বিশ্ব বাবা দিবসে তার চোখে জল, কণ্ঠে প্রশ্ন।

‘কিসের বাবা দিবস? এমনিতেই তো কেউ আসে না।’Ñকথাটা বলতে গিয়ে গলায় জমে ওঠে ক্ষোভ। চোখে জল আটকে রাখতে পারেন না রফিকুল ইসলাম। বিশ্ব বাবা দিবসে তার কাছে কোনো ফুল নেই, নেই কোনো শুভেচ্ছা। আছে শুধু দীর্ঘ অপেক্ষা আর অপ্রাপ্তির বেদনা।

নওগাঁ শহরের হোটেলপট্টি এলাকায় রফিকুল ইসলামের বাড়ি। পেশাগত জীবনে ছিলেন পূবালী ব্যাংকের একজন অফিসার। দুই ছেলে ও এক মেয়েকে বড় করেছেন পরিশ্রম করে। একজন ছেলে বাংলাদেশ পুলিশে চাকরি করেন, আরেকজন প্রকৌশলী। মেয়েটি সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু এই বয়সে কেউই পাশে নেই তার।

গত তিন বছর ধরে রফিকুল ইসলাম রয়েছেন বগুড়ার ঠেঙ্গামারা এলাকার মাসুদা প্রবীণ নিবাসে। স্ত্রী অসুস্থ থাকায় থাকেন ছেলেদের বাড়িতে, আর তিনি পড়ে আছেন একা। এই দীর্ঘ সময়ে সন্তানদের কেউ তাকে দেখতে আসেননি একবারও।

রাত হলেই স্মৃতির ভিড়ে ভারী হয়ে ওঠে মন। ‘পরিবারের জন্য কত কিছু করেছি। এখন এই বয়সে একা পড়ে আছি। স্ত্রীকেও তিন বছর দেখি না। নাতি-নাতনিদের খুব মনে পড়ে। কিন্তু কিসের বাবা দিবস, কিসের ঈদ! শুধু ফোনে কথা বলে আর মাঝে মাঝে টাকা পাঠায়। মানুষ কি শুধু টাকায় বাঁচে?’Ñবললেন কান্নাজড়ানো কণ্ঠে।

একটু থেমে আবার বলেন, ‘এখন শুধু শুয়ে থাকি। পেপার পড়ি। হাঁটতে পারি না, ক্র্যাচ ধরে একটু একটু করে চলি। যত দিন বাঁচি, এখানেই থাকতে হবে।’

রফিকুল ইসলাম একা নন। মাসুদা প্রবীণ নিবাসে থাকা আরও ১৬ জন প্রবীণের গল্পও একই। সবাই কারও না কারও বাবা-মা, কিন্তু বাস্তবে তাদের আর খোঁজ রাখে না পরিবার। যোগাযোগ সীমিত শুধু ফোনকল আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো টাকায়।

টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, ‘আমাদের এখানে বর্তমানে ৬৫ জন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ মা-বাবা আছেন। আমরা চাই, তারা একদিন পরিবারের কাছে ফিরে যাবেন। তবে এখানে যত দিন থাকবেন, তাদের দায়িত্ব আমাদের।’

এদিকে বগুড়ায় সরকারি ব্যবস্থাপনায় কোনো পূর্ণাঙ্গ বৃদ্ধাশ্রম নেই। তবে শহরের রাজাবাড়িতে অবস্থিত সরকারি শিশু পরিবারে প্রবীণদের জন্য ১০টি সিট বরাদ্দ থাকলেও, কার্যত সেগুলো ফাঁকা পড়ে রয়েছে। জনবল ও অবকাঠামোর অভাবে সেবা কার্যকর হচ্ছে না।

সরকারি শিশু পরিবারের কর্মকর্তা রিপা আক্তার বলেন, ‘২০২১ সালে এ ব্যবস্থা চালু হলেও এখন পর্যন্ত মাত্র একজন প্রবীণই এসেছিলেন। পরে তার পরিবারের সদস্যরাই তাকে নিয়ে যান। বর্তমানে এখানে কেউ নেই।’

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, ‘সরকারি শিশু পরিবারে প্রবীণদের যাতে সরকারি খরচে থাকা ও সেবা নিশ্চিত হয়, সেজন্য যা করণীয়, তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা