প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ২২:০৭ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫ ২২:৩০ পিএম
সচিবালয়ে আগামীকাল মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
সোমবার (২৬ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই এ নির্দেশনা এলো।
জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি৷
ডিএমপির এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশ্ববর্তী এলাকায় যেকোন প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।