প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২০:০১ পিএম
সড়ক পরিবহন সংশ্লিষ্ট সব কার্যক্রম একই সংস্থার অধীনে নিয়ে আসার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন৷
শনিবার (২৪ মে) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সম্মেলন কক্ষে ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ’ বিষয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন৷ জাতীয় সংলাপটির আয়োজন করে রোড সেফটি ফাউন্ডেশন।
শেখ মইনউদ্দিন বলেন, ‘আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, একটা কানেকশন তৈরি করে সড়ক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারা। রোড সেফটি এবং অপারেশনে আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। রোড সেফটিটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত আছে আছে। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘রোড সেফটি, রোড ট্রান্সপোর্ট জিনিসটা এক ছাতার নিছে আসা উচিত। এখন যেটা হচ্ছে... যেমন আমাকে এই মিটিং এর আগে একজন বললেন যে, লোকাল রোড এসে যখন হাইওয়ের সাথে মেশে সেটাতে দেখা যাচ্ছে ঠিকমত সমন্বয় হচ্ছে না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশনটা হচ্ছে না।’
এবারের বাজেটে সড়ক পরিবহন খাতের ব্যয়ের ১৩ শতাংশ সড়ক নিরাপত্তায় প্রস্তাব করা হবে জানিয়ে বিশেষ সহকারী বলেন, ‘আমাদের এই গভর্মেন্টটা তো লিমিটেড টাইমের জন্য এসেছে। উই ক্যান একচুয়ালি স্টার্ট দা প্রসেস এবং হোপফুলি নেক্সট গভর্মেন্ট এসে হয়তো জিনিসটা দেখবে। যে এই এই পুরা এই রোড পুরো জিনিসটাই আসলে থাকা উচিত আন্ডার ওয়ান। এত বেশি ডিফারেন্ট কোঅর্ডিনেশন করে ইট গেটস ভেরি ডিফিকাল্ট। কারণ প্রত্যেকেরই ডিফারেন্ট টাইমলাইন আছে, ডিফারেন্ট ফান্ডিং আছে। ডিফারেন্ট প্রায়রিটি আছে।’
‘সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এটি কোনো একক পক্ষের কাজ না। সেজন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত কাজের উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি এ খাতে আরও বেশি বাজেট বৃদ্ধি করতে হবে।’