প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫ ১৭:০১ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীত্রের সাবেক নেত্রী মৌমিতা রহমান ঈস্পিতাকে আইন বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় গত ৫ মে দৈনিক যুগান্তরের অনলাইনে ‘মুগ্ধর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পায়।
প্রতিবেদন প্রকাশের বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। অবশেষে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিইউপি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘নিয়োগের সময় মৌমিতা রহমান ঈস্পিতার নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো তথ্য বিইউপির কাছে ছিল না।’
গত ৭ মে দেওয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি আইন বিভাগের প্রভাষক পদে একজন শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে মানহানিকর, উদ্দেশ্যপ্রণোদিত অপব্যাখ্যা ও অপতৎপরতা চালানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং দুঃখজনক। বিইউপি সবসময় মেধা, যোগ্যতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ভিত্তিতে শিক্ষক নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।এতে আরও বলা হয়, শিক্ষক নিয়োগে সংশিষ্ট প্রার্থীকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে আচরণগত, আইনগত ও নিরাপত্তাজনিত বিষয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। এ ধাপটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিয়োগ স্থায়ীভাবে কার্যকর হয় না।