× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সক্রিয় প্রতারক চক্র!

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১১:৩৪ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সক্রিয় প্রতারক চক্র!

প্রয়োজনীয় তৎপরতা ও পদক্ষেপের অভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমে চলছে স্থবিরতা। সচিবালয় থেকে মাঠ প্রশাসন সর্বত্রই এমন অবস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাঠ প্রশাসনে গতি আনতে সম্প্রতি একগুচ্ছ নির্দেশনা দেন। মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর-অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের কর্তাদের প্রভাবমুক্ত থেকে কাজ করতে বলা হয়। এরপরও প্রশাসনে কাঙ্ক্ষিত গতি আসেনি। অন্তর্বর্তী সরকারের আমলেও থেমে নেই প্রতারক চক্র। তারা সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ভুয়া বদলি পদোন্নতি-সংক্রান্ত আদেশ জারি করে বিভ্রান্ত করছে। অভিযোগ- এর নেপথ্যে রয়েছেন প্রশাসনের অসাধু কর্মকর্তারা।

অভিযোগ উঠেছে, গত সরকারের আমলে নিয়োগপ্রাপ্তরা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। গত আট মাসে প্রশাসনের এসব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয়েই সক্রিয় রয়েছে প্রতারক চক্র। ভুয়া স্মারক বসিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির ঘটনাও ঘটেছে।

এদিকে ভুয়া পরিচয় দিয়ে বদলি-সংক্রান্ত অনৈতিক তদবির করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বছর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জালপূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জালপূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’

এতে আরও বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ/পদায়ন/বদলি-সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়। যেকোনো নিয়োগ/পদায়ন/বদলির প্রজ্ঞাপন বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে করা যেতে পারে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

অপরদিকে ভুয়া বদলি ঠেকাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেশ কয়েক মাস ধরে লাল সিল ব্যবহার শুরু করেছেন। সেখানে সিল ব্যবহার করলে ফাইল চালু হয়। না করলে হবে না। এ পদ্ধতি চালুর পরও প্রতারণা বন্ধ করা সম্ভব হয়নি বলে জনপ্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশ ও প্রশাসনের অন্তত ছয় শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। অনেকে একসঙ্গে দুই ধাপ পদোন্নতিও পেয়েছেন। গত ১৮ আগস্ট পুলিশের ৭৩ কর্মকর্তাকে সরকার একযোগে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়। যাদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তা সরাসরি দুই ধাপ পদোন্নতি পেয়েছেন। আবার অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, কাউকে কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এসব সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র ভুয়া বদলি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হাতিয়ে নিচ্ছে টাকা।

সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর স্বাক্ষর জাল করে ভুয়া বদলির সুপারিশ করে বিভিন্ন স্থানে অপপ্রচার করা হয় বলে অভিযোগ করেন আমির নিজেই। গত ৬ মার্চ রাতে মহিব্বুল্লাহ বাবুনগরী গণমাধ্যমকে বলেন, ‘আমি ফটিকছড়ির ইউএনওর বিরুদ্ধে বদলির সুপারিশের কোনো কাগজে স্বাক্ষর করিনি। এগুলো আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ও অপপ্রচার-ষড়যন্ত্র।’ 

এর আগে ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরীকে অন্যত্র বদলির জন্য হেফাজত ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী স্বাক্ষরিত একটি দরখাস্ত চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লেখেন বলে সামাজিক মাধ্যমে প্রচার হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমম্বয়ক ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রশাসনে যতক্ষণ ফ্যাসিস্টদের দোসরদের বিদায় করা না হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। সরকারের উচিত নিরপেক্ষ কর্মকর্তাদের ভালো ভালো মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া।’ বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা