প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১১:৫০ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫ ১২:০০ পিএম
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে আজ ট্রেনযাত্রা শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়।
আজ যারা যাত্রা করছেন তারা অগ্রিম টিকিট ১৪ মার্চ বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে কিনেছিলেন। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য।
এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ করার জন্য কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি নাশকতা প্রতিরোধের জন্য চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে আজ শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঈদের ফিরতি টিকিট বিক্রি। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে আগামী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট।