চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫ ২১:০৮ পিএম
মো. শরীফ মাহমুদ অপু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এ কর্মকর্তা বর্তমানে থানায় পুলিশ হেফাজতে আছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টার দিকে তাকে চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে তাকে অবরুদ্ধ করে একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ শরীফ মাহমুদ অপুর স্বাক্ষরে আন্দোলনের সময় কারফিউ জারি করা হয়। এ ছাড়া তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা। খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশের একটি টিম এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম বেতার ভবনে পৌঁছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘উনাকে (শরীফ মাহমুদ) আমরা বেতার ভবন থেকে থানায় এনেছি। আমাদের হেফাজতে আছেন। সিএমপির ঊর্ধ্বতন স্যারেরা উনার বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মো. শরীফ মাহমুদ অপু আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।
জানা যায়, শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তার বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান।