প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫ ১৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২৩ তারিখের মধ্যে বেতন পরিশোধ ও অন্যান্য দাবিদাওয়া নিষ্পত্তির আশ্বাসে ঢাকার রেলভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
সোমবার (১৭ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের কাছ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।
সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, বেতন ভাতা দেওয়ার জন্য বাজেট পাওয়া গেছে। তবে পদ্ধতিগত কারণে কিছু বিলম্ব হচ্ছে। অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা আগামী ২৩ তারিখে মধ্যে পেয়ে যাবেন।
তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহনযোগ্য নয়।
এর আগে সোমবার বেলা ১১টা থেকে বকেয়া বেতনসহ কয়েক দফা দাবিতে রেল মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী টিএলআর শ্রমিকরা।
এসময় মন্ত্রণালয়ের প্রবেশপথ ভেতর থেকে বন্ধ করে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা।
বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী টিএলআর অস্থায়ী (চার ডিভিশন) শ্রমিক ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
তাদের দাবির মধ্যে আছে—পাঁচ মাস থেকে ১১ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ২০২০ নিয়োগবিধি সংশোধন করে অস্থায়ী টিএলআর শ্রমিকের চাকরি স্থায়ী করতে হবে। সব অস্থায়ী টিএলআর শ্রমিকের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। আগের মতো চাকরিতে বহাল করতে হবে।