প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
এই ক্ষমতা সারাদেশে কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন অনুযায়ী তা প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে নভেম্বরের মাঝামাঝিতে তার মেয়াদ দুই মাস বাড়িয়েছিল সরকার।
এরপর ১৩ জানুয়ারি থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দু’মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার (১৪ মার্চ)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।