প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ০০:০৭ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ০০:০৮ এএম
সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বুধবার (৫ মার্চ) বিকালে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হলেও খবরটি প্রকাশ পায় বুধবার।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা এ তথ্য নিশ্চিত করে জানান, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এই মামলার আসামি।
এনামুল হক নামের এক ব্যক্তি গত বছরের ৯ অক্টোবর মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। সাইবার নিরাপত্তা আইনে করা এ মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করেন। ওই প্রতিষ্ঠানের (ডিজিকন) মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিআইডির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার পেছনে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়। ওই চিকিৎসক জিয়াউল আলমের স্ত্রীর বড় ভাই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় সিআইডির টিম।