প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানির ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এসআইবিআই এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানির ১১ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজ দুটিতে আনা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর ৭ লাখ টন চাল আমদানি করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সাত বছরের মধ্যে এটাই হবে সর্বোচ্চ পরিমাণ চাল আমদানি।
এদিকে গত ৪ মার্চ খাদ্য মন্ত্রণালয় বেসরকারিভাবে ৩৮টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টন সিদ্ধ ও ২৭ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। ৬ এপ্রিলের মধ্যে এসব চাল আমদানি করতে হবে।