প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম
বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে কথা বলেন নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক। প্রবা ফটো
দেশে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করে সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক। তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশন পরে গঠিত হলেও অন্যান্য কমিশনেও নারীর যথাযথ উপস্থিতি নেই। শুধু নারীরাই নয়, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও সীমিত, যা অত্যন্ত দুঃখজনক।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর গুলশানে ‘একশনএইড বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজনকে ‘নাসরীন স্মৃতিপদক ২০২৫’ প্রদান করা হয়।
সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য ডনাইপ্রু নেলী, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য রিনা খাতুন এবং গ্রামের নারী ফুটবলারদের উন্নয়নে ভূমিকার জন্য আফরোজা খন্দকারকে সম্মাননা দেওয়া হয়।
নারী অগ্রগতিকে বাধাগ্রস্ত করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিরীন পারভীন হক বলেন, ‘নারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ইতিহাস থাকলেও, তাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। আমরা আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু তাদের এত দ্রুত মাঠ থেকে সরিয়ে দেওয়া হবে, তা কল্পনা করিনি।’
তিনি আরও বলেন, নারী-পুরুষের জেন্ডার বৈষম্য কমাতে এবং নারীর অধিকারকে প্রতিটি সংস্কার কমিশনের মূল এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নারীদের জন্য সমঅধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের চ্যালেঞ্জ।