× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেক্সিমকোর কর্মীদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ পিএম

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

আগামী ৯ মার্চ থেকে বেক্সিমকো গ্রুপের লে-অফ হওয়া প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। এ জন্য সরকারকে ব্যয় করতে হবে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, আগামীকাল শুক্রবার বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে। পাওনা পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল থেকে ২০০ কোটি টাকা দেওয়া হবে। বেক্সিমকোর পাওনাদারদের মধ্যে ৩১,৬৭৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মচারী রয়েছেন।

বেক্সিমকো শিল্প পার্কের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং বেক্সিমকো লিমিটেডের রিসিভারের প্রতিনিধি থাকবেন। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা আরও জানান, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে জনতা ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে দেওয়া ঋণের সঙ্গে জড়িত কর্মকর্তা, ব্যাংকের বোর্ড সদস্য, কোম্পানি বোর্ড সদস্য, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ঋণ প্রদান ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।

বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২৯ আগস্ট তাঁর ব্যাংক হিসাবসহ ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

শ্রমিকদের পাওনা পরিশোধে বেক্সিমকোর কিছু শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও আইনি জটিলতার কারণে সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা