প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩ পিএম
প্রবা ফটো
জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে'র ব্যানারে কেন্দ্রিয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকাল ৩টা ৫ মিনিটে শিক্ষাভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রায় বাধা দেয়।
এ সময় ব্যারিকেড সরানো নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে সচিবালয় যাওয়ার রাস্তায় অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন বক্তব্য ও স্লোগান দিতে শোনা যায়।
এছাড়া তাদের হাতে থাকা পোস্টার-প্ল্যাকার্ডে 'ধর্ষণ কী, ধর্ষণ কেন, আইন কী জানে; পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই; বিচারহীনতার সংস্কৃতি , ধর্ষণের রাজনীতি; আমরা জন্ম থেকে শহীদ; তনু ধর্ষণ ও হত্যার বিচার কই, রাষ্ট্র তুই ধর্ষক- প্রভৃতি প্রতিবাদী লেখা দেখা যায়।
এর আগে কেন্দ্রিয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি টিএসসি, দোয়েল চত্ত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে আসে।
তাদের দাবিগুলো হলো- জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কার করা।