প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এ বছর একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।
সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত) সম্মানজনক পদক লাভ করেন।
এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, একুশে পদক শুধু সম্মাননা নয়, এটি জাতির প্রতি দায়িত্বের স্বীকৃতি। দেশের জন্য কাজ করে যাওয়া সবার নৈতিক কর্তব্য।
এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারী ফুটবল দলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
১৯৭৬ সাল থেকে সরকার মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে আসছে সরকার। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
পুরস্কারপ্রাপ্তরা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের স্বীকৃতি জাতির অনুপ্রেরণা হয়ে থাকবে।