প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৯ পিএম
প্রবা ফটো
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রবিবার (১৬ ফেব্রুয়ারি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বমোট ৩৪টি অধিবেশনে কার্য-অধিবেশন ৩০টি। বাকি উদ্বোধন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সদয় নির্দেশনা গ্রহণ, প্রধান উপদেষ্টার সাথে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা।
বিভাগীয় কমিশনা ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১২৪৫ প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে। বেশি সংখ্যক প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-২৮টি।
ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি।