প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
পাসপোর্টের জন্য বিদ্যমান পুলিশি যাচাই ব্যবস্থা বাতিলের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, পাসপোর্ট প্রক্রিয়া আরও সহজ করতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া পুরোপুরি তুলে দেওয়ার চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তবে ভেরিফিকেশন থাকলেও যেন আবেদনকারীরা সহজেই পাসপোর্ট পেতে পারেন, সেই বিষয়ে কাজ করা হবে।
এছাড়া বাংলাদেশে আসার ১০ মিনিটের মধ্যেই বিদেশিরা অন-অ্যারাইভাল ভিসা পাবেন বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের জন্য ভিওএ ও ট্রানজিট ভিসা আবেদনে অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে বিশ্বের অনেকগুলো দেশ অন-অ্যারাইভেল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক সময় ৪৫ মিনিট বা এক ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি, সেটা হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবে। পরে একটি কোড পাবেন তারা। এ কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের ভিসা পেয়ে যাবেন। এ সিস্টেমই আজ চালু হলো। এ ভিসার মেয়াদ হবে এক মাস।
তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে, শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে।