অপারেশন ডেভিল হান্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রবা ফটো
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, যারা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে, তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে৷
রবিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি এসব কথা বলেন৷
সিনিয়র সচিব বলেন, ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে৷ সেটাকে স্বাভাবিক করতে এ অপারেশন চালানো হবে৷’
তিনি বলেন, ‘৬ মাস আগে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়৷ ওই সময় আমাদের পুলিশ বাহিনীর বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে৷ মানসিক দুর্বলতা হয়েছে। অনেক থানা পোড়ানো হয়েছিল৷ এসব কারণেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এ পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা নেই৷ এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি৷ তার একটা ‘অপারেশন ডেভিল হান্ট৷’
তিনি আরও বলেন, ‘এ অপারেশন যৌথভাবে সকলে মিলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে৷ এর জন্য আইনানুগ পদ্ধতিতে যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা নেওয়া হবে৷ সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে৷ একইসঙ্গে তাদের কাজ চলমান রয়েছে৷’
সিনিয়র সচিব বলেন, ‘আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, এখন আমরা সেভাবে হাটতে পারব না৷ আইনের স্পিরিটে কাজটা করতে হবে৷ সেজন্য আইন প্রয়োগের সঙ্গে যারা জড়িত, সকল স্টেকহোল্ডারকে একত্রিত হয়ে কীভাবে আইনটাকে প্রয়োগ করতে পারি- সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে৷’