প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের বাড়ির মতো না হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না- এটা নিজের মধ্যে ধারণ করুন। আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সাথে, ভারতের সাথে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন। তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।’
তিনি বলেন বলেন, ‘জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব- ধানমন্ডি ৩২ এর পরিণতি যেন সচিবালয়ের না হয়। আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব- এই বছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পরে, ২০ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।
তিনি বলেন,’ ৫ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে। এখনও হুমকি-ধামকি অব্যাহত আছে। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। ৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করা উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।’
এ সময় হাসনাত আবদুল্লাহ জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের।’