প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম
ফাইল ফটো
অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) আহ্বায়ক এবং যুগ্মসচিবকে (বহিরাগমন-২ অধিশাখা) সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. কামরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ সম্পর্কিত টাস্কফোর্স নিম্নরূপভাবে গঠন করা হলো।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছে— মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়, মহাপরিচালক (কনস্যুলার), পররাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ, উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পরিচালক (অপারেশন উইং), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর, পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর।
কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে—
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান।
কমিটি এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে।
কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা/ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে কো-অপ্ট করতে পারবে।