প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সোমবার। ছবি: আলী হোসেন মিন্টু
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি)। বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে মর্ত্যে আসেন দেবী সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস- বাগদেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান দান করেন।
দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেবীর আশীর্বাদ কামনা করবেন অগণিত ভক্ত। সরস্বতী বৈদিক দেবী হলেও এ পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির-পূজামণ্ডপ, বাসাবাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজা হবে। পূজা শেষ হবে পুষ্পাঞ্জলিতে। শিশুদের হাতেখড়িও দেওয়া হয় এ দিন।
তবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা এ বছর দুদিন অনুষ্ঠিত হবে। এ বছর পূজার তিথি পড়েছে দুদিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এবার পঞ্চমী তিথি শুরু হবে রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে। সোমবার সকাল ১০টা ২৭ মিনিট পর্যন্ত থাকবে এ তিথি। তবে বেশিরভাগ ভক্তই দেবীর আরাধনা করবেন সোমবার।
এ বছর ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে দুদিনই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির-মণ্ডপে সোমবার পূজা হবে।