প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম
সদস্য ফরম বিতরণ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো
বিএনপি থেকে ইতোপূর্বে যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ দলের সদস্যপদ নবায়ন করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রহুল কবীর রিজভী বলেন, ‘যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবেন না। যদিও তাদের সদস্যপদ ছিল। কিন্তু আমরা যখন বহিষ্কার করি তখন সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করি। এরা প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না। নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে- বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাই, আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ নানাভাবে (বিএনপিতে) ঢুকার চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন ঢুকতে না পারে এই ব্যাপারে শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে দিচ্ছি। আমরা প্রাইমারি মেম্বারশিপ রাইট (প্রাথমিক সদস্যপদ অধিকার) না দিয়ে শুধু যারা আগে থেকে (দলে) আছেন তাদেরকেই দিচ্ছি।’
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ছোট ছোট ঘটনা অথবা ঘটনাও না এমন বিষয়গুলো নিয়েই বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তো আছেনই। নানাদিক থেকে, প্রশাসন থেকে, পুলিশ থেকে এমনকি বিভিন্ন জায়গা থেকেই তারা কাজ করছেন। আমাদের রাজনৈতিক কার্যক্রম যেন স্বচ্ছ রাখতে পারি (আওয়ামী) দোসররা যেন দলে ঢুকতে না পারেন, অপপ্রচার করতে না পারেন সেজন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ।’
গণঅভ্যুত্থানের ঐক্যে ফাটল নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এই গণতান্ত্রিক ঐক্যের বিভেদ হোক এমন কিছু করছি না। আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বৃহৎ গণতান্ত্রিক ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের বিজয় অনেক বড় শক্তি, অনেকেই এটা ভাল চোখে দেখে না। রাষ্ট্রের বাইরে থেকেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র আছে। রাষ্ট্রের ভেতর থেকেও আছে। (রাষ্ট্রের) ভেতরের থেকে যখন রাজনৈতিকভাবে চেষ্টা করে সেটা হয় সবচেয়ে বড় পরাজয় ‘
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ।