প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৪ পিএম
পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ছবি: আরিফুল ইসলাম
দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম সচিব। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন। অবশ্য চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের ১ তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
এর আগে সোমবার ১০ ঘণ্টার মধ্যে পুলিশ কেন কাঁদুনে গ্যাস ছাড়লো তার জবাব দিয়ে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছিল ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেওয়া হয় । নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান।
আন্দোলনরত শিক্ষকরা
বলছেন, যে পাঠ্য বই প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয়, সে পাঠ্য বই আমরাও পড়াই। কিন্তু প্রাথমিকের
শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে
বাধ্য হয়েছেন তারা।
গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রবিবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে।
ইবতেদায়ি শিক্ষকদের ৬ দাবি হচ্ছেÑ
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা
রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার আলাদা নীতিমালা।
পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন
প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং
প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।