প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১০:২১ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৯ এএম
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ট্রেনের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও জানিয়েছেন রেজাউল করিম সিদ্দিকী।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা। খোলেনি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোও।
মূলত মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিপূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।