রংপুরে নির্বাচন কমিশনার
রংপুর অফিস
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪ পিএম
রবিবার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবা ফটো
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান উপলদ্ধি করেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। এটি করতে আমরা বদ্ধ পরিকর।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে।’
নির্বাচনে দলগুলোর অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। সেই সময় যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে। এটি নিয়ে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় আছে।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেছেন। তিনি একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করবেন। এটির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত মতামতগুলো নেওয়া হবে। এর ওপর ভিত্তি করে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধন-পরিবর্তন করা হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে প্রাক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।’
ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশে ইভিএমে ভোট গ্রহণ না করার ব্যাপারে বলা হয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না সে বিষয়ে বলা যাচ্ছে না। ইভিএমে নির্বাচন করার পুরোপুরি সক্ষমতাও আমাদের নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। তাই রাজনৈতিক সরকারের প্রভাবও নেই। ভবিষ্যতেও থাকবে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা-ই করা হবে। কাউকে আলাদা দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচন কর্মকর্তাদের মধ্যে নিরপেক্ষ, সাহসীদের দিয়ে নির্বাচন করা হবে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সম্পূর্ণ ক্ষমতায়ন করা হবে।’
ভোটার তালিকা হালনাগাদকরণ নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু করেছি। এটির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে শুরু করে ভোটগ্রহণ, ফলাফল ঘোষণা পর্যন্ত যা কিছু আছে সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠু হবে।
এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ নির্বাচন কর্মকর্তারা। এর পর নির্বাচন কমিশনার নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম পরিদর্শন করেন।