হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৬ পিএম
সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। প্রবা ফটো
তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের মানুষ। গত ৪ দিন থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য কয়েকটি জেলার আজ সকাল ৬টায় তাপমাত্রা- তেতুলিয়া (পঞ্চগড়) ৯ দশমিক ৯, সৈয়দপুর ১১, রংপুর ১১ দশমিক ৬, ডিমলা (নীলফামারী) ১২ দশমিক ২, রাজারহাট (কুড়িগ্রাম) ১১ দশমিক ৪, বদলগাছি (নওগাঁ) ১০ দশমিক ৯, বগুড়া ১২ দশমিক ২, ঈশ্বরদী (পাবনা) ১১ দশমিক ২, রাজশাহী ১১, বাঘাবাড়ি (সিরাজগঞ্জ) ১১, যশোর ১৩ দশমিত ৬ ও চুয়াডাঙ্গায় ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঘাবাড়ীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। গরম জামাকাপড় পরার পাশাপাশি চুলায় আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্তরা।