প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ (আয়নাঘর) পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) সদস্যরা।
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান কমিশনের সদস্যরা।
প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা।
বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।
প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’