× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঁচল ফাউন্ডেশনের তথ্য

দেশে ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১১:১১ এএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ১১:১৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২৪ সালে দেশে ৩১০ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ৪৬ দশমিক ১ শতাংশই মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। এর আগে ২০২২ সালে ৫৩২ জন এবং ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। সেই হিসাবে বিগত দুই বছরের তুলনায় শিক্ষার্থীদের আত্মহননের সংখ্যা কম। তবে বিগত বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত খবর মিডিয়াতে কম এসেছে বলে মনে করা হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা : সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ বিশেষজ্ঞ সায়্যেদুল ইসলাম সায়েদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও গবেষক ড. মো. জামাল উদ্দীন, আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফল জামির, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৯ বছরের মধ্যে বয়ঃসন্ধিকালীন সময়ের শুরু থেকে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। ২০২৪ সালে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ৬৫ দশমিক ৭ শতাংশই কিশোর বয়সি। আত্মহত্যার তালিকায় এরপরই রয়েছে ২০ থেকে ২৫ বয়সসীমার তরুণরা। প্রতিবেদন অনুযায়ী, গত বছর আত্মহত্যাকারীদের মধ্যে এ বয়সির সংখ্যা প্রায় ২৪ শতাংশ।

শিশুদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা গেছে। এক থেকে ১২ বছর বয়সি শিশুদের আত্মহত্যার তথ্যও মিডিয়ায় উঠে এসেছে, যা প্রায় ৭ দশমিক ৪ শতাংশ। আত্মহত্যাকারীর তালিকায় সবচেয়ে কম রয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সসীমার মানুষ, ২ দশমিক ৯ শতাংশের কাছাকাছি।

প্রতিবেদনের তথ্য বলছে, আত্মহত্যার প্রবণতা সব লিঙ্গের মধ্যেই দেখা গেছে। তবে নারীদের মধ্যে তুলনামূলক বেশি। আত্মহত্যা করা ৩১০ জনের মধ্যে নারী প্রায় ৬১ শতাংশ।

পুরুষদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা নেহায়েত কম নয়। প্রায় ৩৮ দশমিক ৪ শতাংশ পুরুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে একজন করে আত্মহত্যা করেছে, যা মোট সংখ্যার শূন্য দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, এসএসসি বা সমমান অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। ২০২৪ সালে আত্মহত্যাকারীদের মধ্যে ৪৬ দশমিক ১ শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। এরপরই উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অবস্থান, ১৯ দশমিক ৪ শতাংশ। 

তথ্যমতে, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালে এই পর্যায়ে আত্মহত্যার হার ১৪ দশমিক ৬ শতাংশ। প্রাথমিক পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও আত্মহননের বিষয়টি লক্ষ করা গেছে। ২০২৪ সালে আত্মহত্যাকারীদের মধ্যে এই স্তরের শিশু রয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া আত্মহত্যাকারীদের মধ্যে স্নাতকোত্তর ১ দশমিক ৯ শতাংশ, ডিপ্লোমা শূন্য দশমিক ৬ শতাংশ এবং সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষিত বেকার শূন্য দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা সবচেয়ে বেশি, যা ৮৩ দশমিক ৫ শতাংশ। বিষপানে আত্মহত্যার হার প্রায় ৮ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া আত্মহত্যাকারীদের ৪ দশমিক ৬ শতাংশ অন্যান্য পথ বেছে নিয়েছে। যেমনÑ ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে, পানিতে ডুব দিয়ে, ট্রেনে কাটা পড়ে, ছুরি দিয়ে আঘাত, ঘুমের ওষুধ খেয়ে ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বলা হয়, অনেক সময় কোনো বিষয় নিয়ে অভিমান শিক্ষার্থীদের মানসিকভাবে এতটা বিপর্যস্ত করে তোলে যে তারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর মধ্যে ২৮ দশমিক ৪ শতাংশ অভিমানের কারণে এ পথ বেছে নিয়েছে। এর মধ্যে প্রাথমিক স্কুল শিক্ষার্থী ৫৬ দশমিক ৫ শতাংশ, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থী ৩১ দশমিক ৯ শতাংশ এবং উচ্চতর শিক্ষা স্তরের ১৫ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা