× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রজোটের সমাবেশে লাঠিপেটার পর পুলিশের মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৭:৩২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৭:৪৬ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে লাঠিপেটার পর প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করা হয়। 

মামলায় বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে ‘বেআইনি দাঙ্গার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখমের’ অভিযোগ আনা হয়েছে। 

ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় করা এই মামলায় ছাত্র সংগঠনগুলোর ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’র ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করে। এর শেষ পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।

ছাত্রনেতারা বলছেন, তাদের বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। তবে পুলিশ হামলার অভিযোগ অস্বীকার করেছে৷

পুলিশের মামলায় ছাত্র ইউনিয়নের একাংশের সহসভাপতি অনিক রায়কে ১ নম্বর আসামি করা হয়েছে৷ এ ছাড়া ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তৌফিকা প্রিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের সদস্য শান্তা ও ছাত্র ফেডারেশনের জুবা মনিকেও আসামি করা হয়েছে।

এজাহারে অন্য ১১ জনের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। 

মামলার এজাহারে বলা হয়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা বিনা অনুমতিতে বেআইনিভাবে শাহবাগ মোড়ের পাকা রাস্তার ওপর বিক্ষোভ সমাবেশ করার নামে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করে। কিন্তু আসামিরা অনুরোধ ও নিষেধ অমান্য করেন।

এজাহারে আরও বলা হয়, বিক্ষোভকারীরা লাঠিসোটা ও ইটের টুকরা দিয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আঘাত করে মারধর করেন৷ আসামিদের লাঠির আঘাতে রমনা অঞ্চলের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান, সহকারী কমিশনার (প্যাট্রল) বাহা উদ্দীন ভূঞা আহত হয়েছেন।

পরে পুলিশ নিজেদের জানমাল ও জনগণের নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়৷ 

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আজ মামলা হয়েছে৷ মামলার বাদী থানার উপপরিদর্শক পলাশ সাহা৷

প্রবা/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা