প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ০০:৫৫ এএম
এহতেশামুল হকের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে শনিবার মানববন্ধন করেন এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় ফেলে এক ব্যক্তিকে কোপাচ্ছে মাস্ক পরিহিত ৮-১০ জন যুবক। ব্যস্ততম এই রাস্তায় গাড়ি চলাচল করছে। অথচ রামদা-চাপাতি হাতে হামলাকারী যুবকদের হাত থেকে তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানোর এমন একটি ভিডিও ভাইরাল হয়।
স্থানীয়রা জানান, ভিডিওটিতে যিনি হামলার শিকার হন তিনি এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশাম। এছাড়াও ঘটনাটিতে আহত হয়েছেন সংগঠনটির সভ্পতি ওয়াহিদুর রহমান দিপু।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে যখন ওই ব্যবসায়ীকে কোপানো হয়, তখন সড়ক ছিল সচল। হামলার শিকার এহতেশাম বার বার বাঁচার আকুতি জানাচ্ছিলেন। চিৎকার করে আশপাশের মানুষের সহায়তা চাচ্ছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তদুপরি খুব কাছেই রয়েছে পুলিশ ফাঁড়ি এবং সামনে ও পেছনে রয়েছে ট্রাফিক বক্স।
খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন ভয়াবহ হামলার ঘটনার পর অনেকটা সময় গড়ালেও কারা কেন এই হামলা চালিয়েছে সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
আহত দিপু অভিযোগ করে বলেন, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ার জের ধরেই আমাদের ওপর এই হামলা হয়েছে।’
হামলায় হাত ও পায়ে গুরুতর জখম হওয়া এহতেশাম এখনো হাসপাতালে ভর্তি। আর দীপুকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারেক লতিফ বলেন, ‘হামলার ঘটনাটির কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজি এই তিনটি বিষয়কে মাথায় রেখে তদন্ত করছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পুলিশ জানায়, ওইদিন রাতে মার্কেট থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা প্রথমে সভাপতি দিপুর গাড়িতে হামলা চালায়। তাকে বহনকারী গাড়ি ভাঙার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। তবে গাড়ির জানালার কাঁচ ভেঙে তিনি পায়ে আঘাত পান। এর পরপরই দুর্বৃত্তরা এহতেশামকে পেয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে।
হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন
ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শনিবার মানববন্ধন করেন বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে তারা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতারা বলছেন, কয়েক দিন ধরে ইমন গ্রুপের লোকজন সেখানকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।