× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ০০:৫৫ এএম

ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট

বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ওপর কর্তৃপক্ষের শারীরিক নির্যাতনসহ দুর্ব্যবহারের ভিত্তিহীন মন্তব্য এবং বানোয়াট অভিযোগে ঢাকা চরম উদ্বেগ ও গভীর হতাশা প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা, সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে ক্ষুণ্ন করে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনো অবস্থাতেই আটক জেলেদের শারীরিক নির্যাতন করা হয়নি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়েছে এবং দেখা গেছে যে এ ধরনের দুর্ব্যবহার বা শারীরিক নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি।

আটক ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু বাংলাদেশে অবস্থানকালে তাদের সাথে যথাযথ আচরণ করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের যথাযথভাবে কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে। তারা আটকের সময় জেলেদের সাথে দেখা করেছিলেন।

গত ২ জানুয়ারি ভারতীয় জেলেদের কারাগার থেকে মুক্তি দেওয়ার সময় এবং ৪ জানুয়ারি মংলা থেকে জেলেদের যাত্রার সময় ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট হাসপাতালগুলো ভারতীয় সব জেলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নিশ্চিত করে যে তারা চিকিৎসাগতভাবে সুস্থ আছেন। সমুদ্র সীমান্তের দিকে তাদের যাত্রাকালে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় সহায়তা এবং ব্যবস্থা গ্রহণ করে।

জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া ভারত সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলকভাবে মানবিক সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি প্রকাশ করে।

দুই দেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে ক্ষুণ্ন করে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করার প্রবণতা এড়াতে সব পক্ষকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।   

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/ক্রুকে গত ৫ জানুয়ারি আন্তর্জাতিক সমুদ্র সীমান্তরেখার কাছে সফলভাবে প্রত্যর্পণ শেষ হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য বিভাগ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদের উপস্থিতিতে, বাংলাদেশ কোস্টগার্ড ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রুকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে/ক্রুকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। 

একই সাথে আটককৃত জাহাজের বিনিময় সম্পন্ন হয়। দুটি বাংলাদেশি মাছ ধরার জাহাজ, ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। অপরদিকে ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকা সে দেশে ফেরত পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা