প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:২০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম
ছবি: বাসস
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে। তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী সরকার একদিনের পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করত। দেখাত, ১ জানুয়ারি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে। অথচ তথ্যে দেখা যায়, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো অন্তত মার্চ মাসে।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে। এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির আলোচনা আগামী সপ্তাহে
ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। সরকার আশা করছে, আলোচনা শুরু করে আগামী সপ্তাহেই তা শেষ হবে।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘শুধু নিবন্ধিত রাজনৈতিক দল নয়, নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরেও সামাজিক সংগঠন, শিক্ষক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের সঙ্গে কথা বলা হবে। তবে সবার সঙ্গে বসে কথা বলা বে না। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে কথা বলা হবে।’
তিনি বলেন, ‘ঘোষণাপত্র ঐকমত্যের ভিত্তিতে হবে। সবার কথাই শোনা হবে। ঐকমত্য আছে বলেই শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী সময়ে আমরা কী করব- এটা আলোচনায় যাবে। যেমন সংবিধান সংস্কার নাকি বাতিল করার প্রশ্নটি। এটি আমরা আলোচনা করে ঠিক করব।
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সঙ্গে তো বসবই, সামাজিক, নারী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সংগঠন বা যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, সবার সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কথা বলব, বসব। আশা করি, এটি আগামী সপ্তাহে শুরু ও শেষ হবে। পরামর্শের জন্য আগামী সপ্তাহটি ধরা হয়েছে।’
তিনি বলেন, ‘ঘোষণাপত্র কিন্তু সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে। সব রাজনৈতিক পক্ষ, দল, সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে।’
তিনি জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ জানুয়ারি এই ঘোষণা প্রকাশের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ে তা ঘোষণা নাও হতে পারে। কয়েক দিন বেশি লাগতে পারে। তবে সেটা খুব বেশি দেরিও হবে না।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বর্ষাকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা একটি নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত সম্ভব নগরীর এই জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের আজকের সভায় নগরীর যানজট সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যার প্রেক্ষিতে আগামী দিনে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ দৃশ্যমান হবে।’
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি
বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে কূটনৈতিক, অফিশিয়াল/ সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি তিমুর-লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রতিনিধির উপস্থিতিতে গত ১৫ ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হলে উভয় দেশের কূটনৈতিক, অফিশিয়াল/ সার্ভিস পাসপোর্টধারী নাগরিকেরা চুক্তিবদ্ধ অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৩০ দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন।
এ চুক্তি হলে বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রম বাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ককে অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।