× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যাটের আওতা বাড়াতে আইনের খসড়া অনুমোদন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ০৯:০৫ এএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম

উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশসমূহ কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। ইটভাটাকেন্দ্রিক বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। 

গতকাল বুধবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন বছরে সরকারের প্রধান তিনটি লক্ষ্যের বিষয়ে আলোচনা হয়েছে। যেমন জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য রয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের গতকালের সভায় সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণভাবে সরকারি কর্মসম্পাদনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কাঠামো পুনর্গঠনে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতসহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধন আইন সভায় উত্থাপিত হয়। কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বিমান টিকিটের আবগারি শুল্ক যৌক্তিকীকরণের উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে কিছু সংশোধন সাপেক্ষে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর বাইরে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়, অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বৃদ্ধি, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীতকরণ, কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশোধনীর পর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য।’ আগামী ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলেও জানান তিনি।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছে। তবে কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন। কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘কোন দল নির্বাচন করবে না করবেÑ তা নির্বাচন কমিশন বলতে পারে। সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লেগেছিল। ৭ নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে।’ তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সন্তুষ্ট। এরপরও এটি যে দুর্ঘটনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে কিছু নমুনা বিদেশে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। 

আগুন লাগার ঘটনাটি ‘দুর্ঘটনা’ হলে আলামত বিদেশে পাঠানো হচ্ছে কেনÑ এই প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, ‘আসলে যেকোনো একটি ঘটনার পর আমরা কতগুলো দৃষ্টিবোধ, কতগুলো মতামত ও সিদ্ধান্ত নিয়ে ফেলি। তারপর ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না। যারা বিশেষজ্ঞ ছিলেন তারা আমাদের ক্লোজআপে দেখিয়েছেন কীভাবে আগুনের সূত্রপাত হয় এবং সচিবালয় ভবনগুলোর নির্মাণ কৌশলের কারণে কীভাবে এটি একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে ছড়িয়ে পড়ে। যে কুকুরটির কথা বলা হয়েছে সেটি এর আগে ওই ফ্লোরে গিয়েছে। সে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একটি চেয়ারের ওপরে কুশনে গিয়ে ঘুমায়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা