× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিবালয়ে আগুন

প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৩ এএম

সচিবালয়ের আগুন নিয়ে ব্রিফ করেন তদন্ত কমিটির প্রধান। ছবি: সংগৃহীত

সচিবালয়ের আগুন নিয়ে ব্রিফ করেন তদন্ত কমিটির প্রধান। ছবি: সংগৃহীত

সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তদন্ত কমিটি আগুনের ঘটনায় কোনো নাশকতার প্রমাণ পায়নি বলে তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে।

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোনো নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের সুপারিশ আগামী ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় তদন্ত কমিটির সদস্যদেরকে দীর্ঘমেয়াদে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিডিয়া ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন,‘অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে আমরা কী করতে পারি- সে বিষয়ে সুপারিশ চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রয়োজনীয় সুপারিশ ১০ দিনের মধ্যে তুলে ধরব।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট মনোযোগ দিয়ে শুনেছেন। তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি সুপারিশ চেয়েছেন, যাতে চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশগুলো থাকে। সচিবালয়ে এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে, সেজন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার সেগুলো যেন নিতে পারে।’

তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন তারা চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশসমূহ তুলে ধরবেন।

গত ২৫ ডিসেম্বর সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। আজ কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা